চাঁপাইনবাবগঞ্জে ৯২ ককটেল ও প্রায় ১২ কেজি গানপাউডার জব্দ

এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়ভাবে নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুদ করেছিল বলে ধারণা করা হচ্ছে। এসআরবি দুষ্কৃতকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার পর সদর থানায় ককটেল ও গানপাউডার জমা দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, ‘‌এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

আরও