বৈরী আবহাওয়া থাকায় ৩০ মিনিট ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘরমুখো মানুষের চলাচল বন্ধ ছিল না। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফের ফেরি চলাচল শুরু হলে এসব মানুষের মধ্যেও বাড়ি ফেরার চাঞ্চল্য বাড়ে। তাই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ দেখা গেছে বহগুণ।
আজ বুধবার পঞ্চম দিনের মতো শিমুলিয়া ঘাটে ব্যাপক ভিড় দেখা গেছে। কালবৈশাখী ঝড়ের আভাসের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখোরা। আবহওয়ার চাপ না থাকলেও আশঙ্কা রয়েছে দুর্ঘটনার।
জানা গেছে, সকাল থেকে ভিন্ন ভিন্ন সময়ে ঘাট বা ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে। বর্তমানে পাঁচশোর বেশি যানবাহন ঘাটে পারের অপেক্ষায় রয়েছে। চলাচল করছে মাত্র ১০টি ফেরি। যাত্রী পারাপারের জন্য ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোট চলছে।
অতিরিক্ত যাত্রী পারাপারের বিষয়ে শিমুলিয়া ঘাটের নদীবন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন তিনি বলেন, ঘাটে চাপ থাকার কারণে অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে যাত্রীরা লঞ্চে বেশি উঠছেন।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ঘাটে এই মুহূর্তে যাত্রীর চেয়ে গাড়ির চাপ বেশি। ঘাটে নদী পারের অপেক্ষায় পাঁচশোর বেশি যানবাহন রয়েছে। ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।