ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৯৫। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটি জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৯, দাগনভূঞায় ১২, সোনাগাজী ও পরশুরামে ১ জন করে এবং বেসরকারি হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত ৩ জন। আক্রান্তরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছেন ৪৯ জন। সবমিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।
ছবি- বণিক বার্তা
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ২৭ জন, দাগনভূঞায় ৫৩ জন, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১৮ জন, ফুলগাজীতে ১ জন ও পরশুরাম উপজেলায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত ১১৫ জন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ আছে ৩ হাজার ৫৫৩টি কিট।