রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা ৬টা থেকে

ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলের ভোট গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগণনা শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরুর কথা থাকলেও ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, ‘৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।’

ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ আরো জানিয়েছেন, ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলের ভোট গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআরযুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি-সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।

আরও