বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। উচ্চশিক্ষাকে আরো আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, তারা আগামী দিনে স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের প্রত্যাশা একটি সুন্দর ও আধুনিক চিকিৎসাব্যবস্থা। আর শিক্ষার্থীদের হাত ধরেই সেই প্রত্যাশা পূরণ হবে। তারাই আগামী দিনের ভবিষ্যৎ।
জীবনে সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সে লক্ষ্যে পৌঁছাতে হলে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেয়া যাবে না।
আইএইচটির শিক্ষার্থীদের প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থীই দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এশিয়ার বিভিন্ন দেশেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
বেগম খালেদা জিয়া সম্পর্কে মিজানুর রহমান মিনু বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, গণতন্ত্রের জন্য আত্মত্যাগী মায়ের মূর্ত প্রতীক। তার নেতৃত্ব ও ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে তিনি তাদের ছেড়ে চলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়াই সেই মায়ের মূর্ত প্রতীক।
তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখন তাদের নেতা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভূমিমন্ত্রী বলেন, জনগণ তারেক রহমানের হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছে। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
গ্যাস ও বিদ্যুতের সংকট অনেকটাই সাময়িক বলে মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দেশ পরিচালনা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মিজানুর রহমান মিনু বলেন, তাদের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ সেই সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও ইমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।