পদ্মার তলদেশ থেকে তোলা হয়েছে ডুবে যাওয়া ফেরি

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে তলদেশ থেকে পানিতে ভাসিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে তলদেশ থেকে পানিতে ভাসিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। উদ্ধার অভিযানের সপ্তম দিনে গতকাল সন্ধ্যায় প্রত্যয়ের ক্রেনের মাধ্যমে নদীতে ডুবে থাকা ফেরিটিকে পানির ওপর ভাসানো হয়। এছাড়া নদীর তলদেশ থেকে আরো একটি ট্রাক উদ্ধার করেছে রুস্তম।

উদ্ধারকাজে নিয়োজিত থাকা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এসএম আজগর আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে রজনীগন্ধা ফেরিটিকে পানিতে ভাসানো হয়। এর আগে ফেরির নিচের অংশে এয়ার লিফটিং ব্যাগের মাধ্যমে ফেরিটিকে ওপরে তোলার কাজ  করা হয়। ফেরিটি উল্টানো অবস্থায় ভাসাতে পারলেও সোজা করানো যায়নি। ডুবুরিরা চেষ্টা করছেন ফেরিটিকে সোজা করতে। অন্ধকার হয়ে যাওয়ায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল থেকে আবারো ফেরিটিকে সোজা করে তীরের কাছে টেনে আনার চেষ্টা করা হবে।

নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান জানান, গত বিকালে নদীতে ডুবে থাকা আরো একটি ট্রাক উদ্ধার করে তীরে আনা হয়েছে। এ নিয়ে ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে সাতটি উদ্ধার করা হয়েছে। এখনো নদীতে ডুবে আছে দুটি ট্রাক। সেগুলো অনুসন্ধানে কাজ করছে উদ্ধারকারী জাহাজ ঝিনাই। ইকো সাউন্ড সিস্টেমের মাধ্যমে ওই দুটি ট্রাককে খোঁজা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিতে নয়টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকে পড়ে ফেরিটি। এ সময় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর বুধবার সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি পুরোপুরি ডুবে যায়।

আরও