দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৩২ শিশু হামে আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম নিয়ে তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৫০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। এতে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৩ হাজার ১৩৯ শিশুর মধ্যে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৬ জন শিশু এবং হাসপতাল থেকে ছাড়া পেয়েছে ৬৪ হাজার ২৯৩ জন শিশু।