হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

ঠাকুরগাঁওয়ে একটি দোকানের হালখাতার খাবার খেয়ে রিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁওয়ে একটি দোকানের হালখাতার খাবার খেয়ে রিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই হালখাতার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক মানুষ। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে তারা। 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবিরের কীটনাশক প্রতিষ্ঠানে গত ১১ ডিসেম্বর ওই হালখাতার আয়োজন করা হয়। সেদিন হালখাতার খাবার নিয়ে বাসায় ফেরেন আমন্ত্রিতরা। পরদিন সকাল থেকেই লোকজন অসুস্থ হয়ে পড়তে শুরু করে। 

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় রিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে অবস্থার অবনতি হলে চিকিৎসক আরো এক শিশুকে রংপুর মেডিকেলে রেফার করেন। বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১৩ এবং আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ জন চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি থাকা শরিফুল ইসলাম বলেন, ‘সেখান থেকে খাবার নিয়ে রাতে খেয়েছি। তারপর থেকে এমন অবস্থা।৷এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’ 

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবা‌সিক মে‌ডিকেল অফিসার ডা. রা‌কিবুল আলম বলেন, ‘হাসপাতালে ভর্তির কিছু সময় পর শিশুটি মারা যায়। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। খাবারের বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটেছে।’ 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘হালখাতার খাবার খেয়ে এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।৷অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আরও