পতিত সরকার অর্থনীতি, শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে -অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সংস্কৃতি বলে কিছু নেই, যুব সমাজ ধ্বংস করে দিয়ে গেছে।

গতকাল দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি ক্রীড়াসামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের দক্ষ জনগোষ্ঠী, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া দিয়ে বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করব। এ লক্ষ্যে সরকার ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ শুরু করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির (বিশেষ) বরাদ্দের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ করা হয়।

শিশু, কিশোর ও তরুণদের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া ও বিভিন্ন সৃজনশীল উদ্যোগ ছড়িয়ে দেয়া জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে রাশেদ আল মাহমুদ জানান, এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ক্রীড়া ও সংস্কৃতির সামগ্রী বিতরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আগামী জানুয়ারিতে শিক্ষা কার্যক্রম শুরুর সময় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাকে তিনটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। এর মধ্যে থাকবে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচি। এর মাধ্যমে হারানো গৌরবের পথে যাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে গোয়ালন্দ উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্রীড়াসামগ্রী ও হারমোনিয়াম দেয়া হয়। ছয়টি মাদরাসায় দেয়া হয় সাউন্ড সিস্টেম। এডিপির অর্থায়নে এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫ লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়।

আরও