লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। গতকাল ভোরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় ৫১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৫টার দিকে ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দহগ্রাম-আঙ্গরপোতা বিওপির ডাঙাপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস-এর কাছ দিয়ে বিএসএফের এক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ৫০-১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির বিজিবি সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, গরু চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তাকে আটক করে আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
৫১ বিজিবি জানায়, বিএসএফের আটক সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। এ বিষয়ে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করে এবং বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে। পাশাপাশি আটক সদস্যকে ফেরত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি বিজিবির ৫১ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দহগ্রাম থানার ইনচার্জ তাজিরুল ইসলাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভারতীয় বিএসএফ জোয়ান গরু পাচারকারীকে ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে আঙ্গরপোতা বিজিবির টহল দল বিএসএফ সদস্যকে আটক করে।’