চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ দু’জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়েছে।
আটক পাচারকারীরা হলো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও একই গ্রামের মরহুম খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের ব্যাপারে জানতে পারেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। পরে অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির একটি সশস্ত্র দল ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলযোগে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
এসময় আব্দুল মমিনের কোমরে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও আটক পাচারকারীদের কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাচারকারীরা ওই স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক পাচারকারীদের থানায় হস্তান্তর করেছেন। উদ্ধারকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।