কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ ভোর ৪টার দিকে উদ্ধার সম্পন্ন হলেও প্রতিবেদন লেখার সময়ে দুর্ঘটনাকবলিত এলাকায় এখনো রেললাইন মেরামতের কাজ চলছে।
তখন রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে বেলা ১টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টা লাঙ্গলকোটের নাওটি স্টেশন ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঠিক কারণ জানতে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। তবে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে সামগ্রিক ট্রেন চলাচলের সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।