চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় টানা ৮ দিনের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এ তথ্য জানান।
এ কর্মকর্তা জানান, ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, বুড়িপোতা, বাজিতপুর ও ইছাখালী বিওপি-সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যরা একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫ গ্রাম হেরোইন, ১২৫ বোতল মদ, ৬০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৪৫০টি নেশাজাতীয় ট্যাবলেট, ৫৯২টি সেনেগ্রা ট্যাবলেট, ৬১টি ভারতীয় শাড়ি, ৩২৫টি ভারতীয় কসমেটিকস, ৩টি মোবাইল ফোন সেট, ২৭ কেজি পেঁয়াজবীজ, ১ হাজার ৩৭০ কেজি আতশবাজি, ৫২ প্যাকেট ভারতীয় আতশবাজি এবং ১৪ বোতল ভারতীয় কীটনাশকসহ অন্য চোরাই পণ্য জব্দ করা হয়।
সহকারী পরিচালক হায়দার আলী জানান, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে বলে তিনি উল্লেখ করেন।