আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন এ সিদ্ধান্ত ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন, প্রার্থীদের যোগ্যতা যাচাইসহ সংশ্লিষ্ট কার্যক্রমে সর্বোচ্চ বয়সসীমার শর্ত অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি কার্যকরের জন্য ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নতুন বয়সসীমা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।