ঢাকায় কোরবানি হয়েছে ছয় লাখ পশু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবারের ঈদুল আজহায় মোট কোরবানির পশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবারের ঈদুল আজহায় মোট কোরবানির পশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু।

গতকাল রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান সংবাদ সম্মেলনে বলেন, ‘ডিএসসিসি প্রশাসক বলেন, এ বছর ঈদুল আজহায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে মোট ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ১ লাখ ৩৩ হাজার ৩১৭টি, দ্বিতীয় দিনে ৩১ হাজার ৭৪৫ এবং তৃতীয় দিনে ১ হাজার ৬৯২টি পশু কোরবানি হয়েছে।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্য থেকে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। তৃতীয় দিনে বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, তৃতীয় দিন বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার টন। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা সম্ভব হয়েছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশনে এ বছর গরু, ছাগল, মহিষ কোরবানি হয়েছে। কোনো উট কোরবানি হয়নি। সব মিলিয়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি হয়েছে। তিনি আরো বলেন, ‘কোরবানি হওয়া পশুগুলোর মধ্যে গরু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি এবং ছাগল ১ লাখ ৫৪৬টি। এছাড়া মহিষ কোরবানি হয়েছে ১ হাজার ৭৬২টি। আর ভেড়া ৪ হাজার ৫৭টি কোরবানি হয়েছে।’

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কম হয়েছে। তবে বর্জ্যের পরিমাণ বেড়েছে।’ গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনে কত পশু কোরবানি হয়েছিল? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গত বছরের তথ্য এখন আমার কাছে নেই।’

আরও