কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নেত্রকোনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত রিপন নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘রিপন ভিডিও’ নামে পরিচিত।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রিপনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত শনিবার রাতে রিপনকে মেয়েটির বাড়ির পেছনে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বসে। সেখানে রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়। এর জন্য তাকে এক সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়।

ওই সালিশের একটি ভিডিও গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আত্মগোপনে চলে যান রিপন।

পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় রিপমের বিরুদ্ধে মামলা করেন।

রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার বলেন, ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। মানুষের মুখে বিষয়টি শুনেছেন। তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি আরো বলেন, ঘটনাটি অন্যায়ভাবে রিপন মিয়ার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। কনটেন্ট তৈরি সংক্রান্ত বিষয়ে আগে থেকেই ভুক্তভোগী মেয়েটির সঙ্গে তাদের পরিচয় ছিল।

ভুক্তভোগীর মা বলেন, তিনি এবং তার স্বামী কাজের কারণে বাড়িতে না থাকায় প্রথমে বিষয়টি জানতে পারেননি। পরে স্থানীয় ও মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন।

আরও