৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে চাল পাবেন ছয় মাস

১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন কার্ডধারী উপকারভোগীরা। ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় এ চাল বিক্রি করছে সরকার। গত শনিবার শুরু হয়েছে এ-সংক্রান্ত কার্যক্রম।

চলবে আগামী চার মাস, অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর আবার একইভাবে চাল বিক্রি করা হবে ২০২৭ সালের মার্চ ও এপ্রিল—দুই মাস।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীর জন্য এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবেলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) এবং বাকি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্যসহায়তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীর মধ্যে এ চাল বিতরণ শুরু করেছে সরকার।

একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রিও অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে। রোববার পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুদ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ এবং ধান (চালে রূপান্তরিত হিসাবে) ১ লাখ ৫২ হাজার ১০৯ টন।

আরও