বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরাজতিক ফ্লাইট চালুকরন বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুকরনে প্রয়োজনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। দেশী বিদেশী এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজাররা সভায় সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সন্নিকটে। অন্যদিকে, ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ। তাই কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এছাড়া এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
এর আগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রিয়াদে হামলার কারনে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিমান চলাচলে সাময়িকভাবে বাধার সৃষ্টি হয়েছে। ক্যান্সেল হওয়া ১০ টি ফ্লাইটে ৩৪০০ এর বেশী যাত্রীর চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা একটা বৈশ্বিক সংকট। তাই সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি।
সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশী-বিদেশী এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।