রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫২ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।