ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। একই থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়ার যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আসামিদের মধ্যে কেবল চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার রয়েছেন। বাকিরা পলাতক। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় চঞ্চল চন্দ্রকে।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ২০২৪ সালের আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আদেশে আসামিরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে গিয়ে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা চালান। এর মধ্যে ওই বছরের ১৯ জুলাই বেলা আড়াইটার দিকে বনশ্রী এইচ ব্লকে জামে মসজিদের সামনের গলিতে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে মো. নাদিম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া কার্নিশে ঝুলে থাকা ১৮ বছরের তরুণ আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি ও গুরুতর জখম করার কথাও বলা হয়েছে আরেক অভিযোগে।