শীতজনিত রোগ বাড়ছে

চাঁদপুর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

চাঁদপুরে শীতজনিত রোগ বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া দেখা দিয়েছে।

চাঁদপুরে শীতজনিত রোগ বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্তদের বেশির ভাগই শিশু। ১-৯ ডিসেম্বর পর্যন্ত ২৪০টি শিশু এসব রোগ নিয়ে ২৫০ শয্যার চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও সে তুলনায় হাসপাতালে শয্যা সংকট রয়েছে। শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ৪২টি।

গতকাল চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, আক্রান্ত শিশুদের মেঝেতে রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুদের বেশির ভাগই ছেলে। বেশির ভাগ শিশুর বয়স শূন্য থেকে দুই ও তিন বছর পর্যন্ত। গত নয়দিনে ভর্তি ২৪০ শিশুর মধ্যে ১৬৪টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে কিছু রোগী ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি শিশুরা হাসপাতালে রয়েছে।

জানা যায়, জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, হাইমচর, মতলব থেকে আসা শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, সর্দি, জ্বর ও নিউমোনিয়ার কারণে শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখানে পর্যাপ্ত শয্যা না থাকায় শিশুদের তারা বিপাকে পড়ছেন। কারণ হাসপাতালের মেঝের চারপাশে দুর্গন্ধ, ময়লা, মশাসহ নাজুক অবস্থা।

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘ঋতু ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় শিশুদের রোগ দেখা দিয়েছে। হাসপাতালে শিশুদের চার-সাতদিন রাখার পাশাপাশি সার্বক্ষণিক আমরা তদারক করছি। হাসপাতালে শিশু রোগীর জন্য অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ৪২টি। তবু রোগীর স্বজনরা এখানে এলে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চিকিৎসা দিচ্ছি। আমরা শিশুর যত্ন নিতে ওষুধের পাশাপাশি অভিভাবকদের সচেতনতামূলক পরামর্শও দিচ্ছি।’

আরও