রংপুরে র্যাবের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচার ও চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০), খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজা (৩৫) ও নীলফামারী সৈয়দপুরের লহ্মণপুর বাড়াইশালপাড়ার নিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৩ এর একটি দল আসামি মিজানুর রহমান সুজার বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় গোয়াল ঘর থেকে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
পরে মূর্তিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।