তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে সদস্য পদ বাতিল হবে।’
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকাল প্রস্তুতিমূলক এক বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপ আলহাজ মো. জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি, এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশ নেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণবিষয়ক সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়।