ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ নভেম্বর। ওইদিন বেলা সাড়ে ৩টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল প্রথমবারের মতো সংসদ অধিবেশন ডেকেছেন বলে গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়।
সংবিধানে নির্ধারিত বিশেষ সময় ছাড়া সাধারণভাবে সংসদের এক অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। সেই হিসাবে তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর আগামী ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে।