বঙ্গোপসাগরে টহলকালে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা মৎস্য ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা।
বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতিতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করে। রাত প্রায় সাড়ে ১০টায় বানৌজা পদ্মা সফলভাবে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকালে নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। এছাড়া মাছ ধরার সময় আহত একজন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ডের আউটপোস্টের কাছে নিরাপদে নিয়ে যায়। ট্রলারসহ উদ্ধারকৃত ১২ জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের ভাষ্যমতে, ট্রলারটি গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ৯ সেপ্টেম্বর আনুমানিক রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি ১২ জেলেসহ বঙ্গোপসাগরে ভাসতে থাকে। —আইএসপিআর