সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া ছবি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি পরিয়ে প্রচারের অভিযোগ তুলে জড়িতদের শনাক্তে তদন্তের দাবি জানিয়েছেন সারোয়ার আলম সাফি। তিনি অভিযোগ করেন, একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে তার ব্যক্তিগত পরিচয় ও ফুটবলীয় বিশ্বাসকে অসম্মান করে এ কাজ করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় রাজশাহী কলেজের পদ্মপুকুরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিকসের দপ্তর সম্পাদক সারোয়ার আলম সাফি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের ছবি সংগ্রহ করে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে ব্রাজিল দলের জার্সি পরানো একটি সম্পাদিত ছবি তৈরি করা হয়। পরে ‘খালিদ সরকার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘Rajshahi College Brazil Fans Club (RCBFC)’ গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সারোয়ার আলম সাফি বলেন, `আমি একজন গর্বিত আর্জেন্টিনা সমর্থক। আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি শুধু একটি ছবি বিকৃতির ঘটনা নয়, বরং আমার ব্যক্তিগত অনুভূতি, পরিচয় ও ফুটবলীয় বিশ্বাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
তিনি আরো বলেন, `একজন আর্জেন্টিনা সমর্থকের ছবিতে ব্রাজিলের জার্সি পরানোর মতো কাজ কেন করা হলো, কারা এর সঙ্গে জড়িত এবং এটি করার আগে আমার কোনো মতামত নেয়া হয়েছিল কি না, এসব বিষয় তদন্ত করে জনসম্মুখে আনার দাবি জানাই।'
এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, `প্রযুক্তির অপব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট তৈরি হতে পারে, যা ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন গোষ্ঠীর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে।'
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।