সমাজকল্যাণমন্ত্রী

উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতেও সরকার সবসময় কাজ করছে

উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল পর্যন্ত শিশুসহ সব রোগীর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, পুরোনো ধারণা থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে।

আজ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতেও সরকার সবসময় কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশুস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ শিশু। তাই শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসার জন্য এ ধরনের আর্থিক অনুদান সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী হাসপাতালে ভর্তি জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস এবং স্ট্রোকজনিত পক্ষাঘাতে আক্রান্ত ৪০ শিশুর অভিভাবকের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও