একটি দল জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশী নাগরিকদের প্রার্থী করছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচন আসলেই কিছু বিদেশী নাগরিক অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করে। নির্বাচন শেষে হয়ে গেলে আবার বিদেশে উড়াল দেবে।’
আজ রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সুশাসন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আপনাদের তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। কিন্তু বুর্জোয়া শাসনের ফলে আপনারা এর সুফল পান নাই। আমরা এনসিপির পক্ষ থেকে ওয়াদা করেছি, আমরা নতুন বাংলাদেশে যার পরিশ্রম তাকেই এর মূল্য পাওয়ার ব্যবস্থা করব।
শাপলা কলি মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আপনাদের এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন এস এম সাইফ মোস্তাফিজ। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজ ও সুশাসন নিশ্চিত করতে শাপলা কলিতে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।
হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে।
এসময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ বলেন, আমরা মন্ত্রী এমপির ছেলে না। আমরা রাজপথ থেকে উঠে এসেছি আপনাদের জন্য। পরীক্ষিত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্তত, দখলবাজমুক্ত ও সুশাসন নিশ্চিত করতে চান তাহলে এনসিপির শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।