জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আরো এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আজ রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দুই ঘণ্টা সাময়িক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।