ধর্ষণ মামলায় বরিশাল সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণ করেন কালাম। সর্বশেষ বৃহস্পতিবার রাতে কাশিপুরের মগরপাড়া এলাকায় ওই নারীকে ধর্ষণ করায় গতকাল বিকালে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আজাদ হোসেন মোল্লা কালামকে আসামি করা হয়। ওই মামলায় কালামকে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে জানান উপপরিদর্শক সাইদুল ইসলাম।
এদিকে ওই নারীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নেয়া হয়েছে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য। গ্রেফতার কাউন্সিলর কালাম বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পদেও রয়েছেন।