আগের কাঠামোতে নির্বাচন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরা থাকবে —আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আগের কাঠামোতে সংসদ নির্বাচন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরা থেকে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আগের কাঠামোতে সংসদ নির্বাচন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরা থেকে যাবে। স্বপ্ন হাতের কাছে এসেও ফসকে চলে যাবে। বাংলাদেশে গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই। ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে।’ গতকাল রংপুরের পীরগাছা টিঅ্যান্ডটি মোড়ে এনসিপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষ আগের নির্বাচন কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাঠামোর কথা বলেছে। সেটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। রাষ্ট্র কাঠামোর দুর্বলতা, স্বৈরতান্ত্রিকতা, জবাবদিহিতা না থাকার কারণে বাংলাদেশের মানুষ অতীতে হোঁচট খেয়েছে। ভবিষ্যতে মানুষ হোঁচট খাবে, বিপদে পড়বে, ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়ুক সেটা আমরা চাই না।’

পুলিশ ও প্রশাসন সম্পর্কে এনসিপির সদস্য সচিব বলেন, ‘বিগত সরকারগুলো পুলিশ বাহিনী ও প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছে। বাজেটের অর্থ জনগণ সরকারকে দেয়। জনগণের টাকায় পুলিশ ও প্রশাসন চলে। তারা সবাই জনগণের জন্য কাজ করবে। জনগণকে তারা অগ্রাধিকার ও গুরুত্ব দেবে। কিন্তু সরকারি অফিসে জনগণকে অবজ্ঞার চোখে দেখা হয়।’

তিনি বলেন, ‘এনসিপি বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যে রাষ্ট্রে প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো দপ্তরে গেলে জনগণকে বরণ করে নেয়া হবে। সরকারি হাসপাতালে চিকিৎসার বেহাল দশা। আধুনিক যুগে এসে চিকিৎসাসেবাকে যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া না যায়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে। আমরা বিশ্বাস করি জনগণের প্রতিনিধিত্ব করা, জনগণের পক্ষে কথা বলা ব্যক্তিরা যদি সংসদে যান, দেশ পরিচালনা করেন, তাহলে দেশের সব সেবামূলক প্রতিষ্ঠানে বিপ্লব ঘটে যাবে। যখন নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে, তখনই বাংলাদেশকে বড় একটি জায়গায় নিয়ে যেতে পারব।’

আরও