স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন তিনি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হয়। পরে তিনি সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। এরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাফিজ উদ্দিন। পরে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

আরও