ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় আসলে বাসের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। বাসের ভেতরে জ্বালানি তেল থাকায় দ্রুত আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত বাসের ভেতর থেকে বের হতে গিয়ে এক যাত্রী বাসের চাকার নিচে পড়ে নিহত হন। খবর পেয়ে কালকিনি ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে কালকিনি ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বাসের ভেতরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু পরবর্তীতে বাসে থাকা এক যাত্রী জানিয়েছেন, বাসের ভেতরে বোতলে জ্বালানি তেল ছিল। তা পলিথিন দিয়ে মুখ আটকে রাখার সময়ে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে—এভাবেই এই দুর্ঘটনা ঘটে।