১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা চলছে পুরোদমে। সমর্থন পেতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারের প্রচারণায় বিশেষ গুরুত্ব পাচ্ছেন নারী ভোটাররা। অনেকের ধারণা, জাকসুতে প্রার্থীদের জয়-পরাজয়ে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারী ভোটাররা।
জাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গত ২৯ আগস্ট। প্রচারণা শুরুর দিন থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা, ক্যাফেটেরিয়া, টিএসসি, মুরাদ চত্বর, একাডেমিক ভবন ও আবাসিক হল—সব জায়গায় বেড়েছে প্রার্থী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি। পড়ার টেবিল থেকে চায়ের আড্ডা—সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে জাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় পোস্টার, ব্যানার ও লিফলেটে ছেয়ে গেছে ক্যাম্পাস। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল প্রচারণা। নির্বাচনে জয়ী হতে সব প্যানেল ও প্রার্থীর বিশেষ নজর এখন নারী ভোটারদের সমর্থন আদায়ে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে নারী ভোটার ৫ হাজার ৮১৭ জন, যা মোট ভোটারের প্রায় ৪৯ শতাংশ। অন্যদিকে, জাকসুর কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ প্রার্থী। এর মধ্যে নারী রয়েছেন ৪৬ জন, যা মোট প্রার্থীর প্রায় ২৬ শতাংশ। তবে ভিপি (সহসভাপতি) পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়ছেন দুই নারী শিক্ষার্থী।
প্রচারণায় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী সব ধরনের ভোটারকে আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
ছাত্র ইউনিয়ন (একাংশ) সমর্থিত ‘সংশপ্তক’ প্যানেলের তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদপ্রার্থী ও সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেখেছি সামাজিকভাবে ও অনলাইনে নারীদের বিভিন্নভাবে সাইবার বুলিং করা হয়েছে। জাহাঙ্গীরনগরের নারী শিক্ষার্থীরাও এর শিকার হয়েছেন। আমি চেষ্টা করব, এ বুলিং রোধে একটি আইটি সেল গঠন করার এবং অভিযুক্তদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার।’
ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে নারী ভোটাররা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বিশ্ববিদ্যালয়ের অর্ধেক ভোটার নারী। সে বিবেচনায় আমরা আমাদের জিএস পদে নারী প্রার্থী রেখেছি। সব সময় নারী অধিকারের জন্য আমরা সোচ্চার ছিলাম। আশা করছি এ ভোটব্যাংক আমাদের প্যানেলে পড়বে।’