রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ অক্টোবর

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে সুপারিশ জমা দেয়। এতে অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৫ অক্টোবর। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫০তম সভায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিল, চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ নিয়ে আলোচনা হবে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বণিক বার্তাকে বলেন, গতকাল শনিবার সিন্ডিকেট সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সভায় সাম্প্রতিক ঘটনার তদন্ত কমিটির সুপারিশসহ আগে থেকে নির্ধারিত সব আলোচ্যসূচি উত্থাপন করা হবে। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে সুপারিশ জমা দেয়। এতে অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়। এছাড়া আরো চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করে কমিটি।

গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

আরও