ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্রমিকের মৃত্যু

রোববার সকাল ৯ টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় ঘরের মালামাল বের করতে গিয়ে রফিক উল্লাহ রহমান (৩৫) নামে এক কারখানা শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উল্লাহ রহমান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি তোফাজ্জলের বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আরও