হাম উপসর্গে আরো ৩ শিশু ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯১২ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামের প্রাদুর্ভাবের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো দুজনের। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ৩৪ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৬৬ জনকে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৬ জন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ১০০ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম এ দুই হিসাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন।

এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৯ হাজার ৯৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকায় একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ২২০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

আরও