ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে চারটি স্কুলের ২০ পরীক্ষার্থীর হাতে ২০২৫ সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেয়া হয়, যদিও তারা নতুন সিলেবাসের পরীক্ষার্থী। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পরীক্ষার্থীরা আপত্তি তোলে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের ধমক দিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করেন।
স্কুল চারটি হলো পুটিয়া উচ্চ বিদ্যালয়, ফেমাস ইনস্টিটিউট, হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় এবং ঘাঘটিয়া উচ্চ বিদ্যালয়।
এ বিষয়ে সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান বলেন, ‘এ প্রশ্নপত্র ভুলের বিষয়টি মূলত কেন্দ্র সচিব, হল সুপার এবং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতি ও অবহেলার কারণে হয়েছে। এ প্রশ্নপত্র ছিল পুরনো সিলেবাসের, অর্থাৎ এক বছর আগে যারা বাংলা বিষয়ে ফেল করেছে তাদের জন্য, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা অবগত হয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।