পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সবার জন্য শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ
করছে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, স্মার্ট
বাংলাদেশ গড়তে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত শতভাগ লোকের প্রয়োজন। তাই বৈশ্বিক
অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে।
মৌলভীবাজারে
বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন উদ্বোধন এবং ‘বই বিতরণ ও শিশু বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী
বলেন,
‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে মর্যাদার
সঙ্গে জীবনযাপন করতে পারে এবং মানসম্মত শিক্ষা দিতে পারে সরকার এ জন্য তাদের বেতন-ভাতা
উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। শিক্ষকদের যুগের চাহিদা অনুযায়ী প্রতিযোগিতামূলক
শিক্ষা দিতে হবে।’
তিনি বলেন, ‘নতুন বিদ্যালয় ভবনগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের
ব্যবহারের জন্য বিশেষ সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী
পর্যাপ্ত সংখ্যক আধুনিক ওয়াশব্লক নির্মাণ করা হচ্ছে।’
এরপর
মন্ত্রী বড়লেখার কানাই বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্রাকার
পানিসম্পদ প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের দর্শনাখাল এবং মরা
সোনাইখাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।