রাঙ্গামাটিতে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দুদক সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবায় হয়রানি ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবায় হয়রানি ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানে স্বাস্থ্য কেন্দ্রটিতে রোগীদের সেবা দিতে অনিয়ম, নোংরা বিছানার চাদর, অপরিচ্ছন্ন টয়লেট, অফিসে গাড়িচালকের অনুপস্থিতি, পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দ থেকে অন্যান্য খাতে ব্যয় করাসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক কর্মকর্তারা জানান, বিভিন্ন অনিয়মের তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার সুপারিশ করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এ প্রসঙ্গে দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বণিক বার্তাকে জানান, গতকাল দুপুরে জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুয়া বিল-ভাউচার তৈরিসহ অন্যান্য অনিয়মের অভিযোগগুলোর নথিপত্র যাচাই-বাছাই করে কমিশন বরাবর পাঠানো হবে।

আরও