লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী

অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে

অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

গতকাল লক্ষ্মীপুর জেলা পরিষদ মাঠে নতুন নিয়োগকৃত জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবুর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেছেন, ‘অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এখন থেকে আর দুর্নীতি সহ্য করা হবে না। যেকোনো ডিপার্টমেন্ট বা রাজনৈতিক ব্যক্তি যে-ই হোক, যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।’

বিগত ১৭ বছরের দুর্নীতি, দুঃশাসন ও গুম-খুন-নির্যাতনের কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অতীতে মেগা প্রকল্প দরকার না থাকলেও মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।’

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বর্তমানে দেশের মানুষ একটা স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। এমন একটা সময়ে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে এবং কঠিন সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। এ কঠিন সময়টা পার করাও আরো কঠিন।’

জনগণের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘উন্নয়নে সবার সহযোগিতা দরকার। যেহেতু একটা সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগাতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করতে চাই। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। তাই বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।’

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বর্তমান বিএনপি সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে আর এতে মানুষ সুবিধা ভোগ করবে।’

জেলা পরিষদের নতুন নিয়োগকৃত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার প্রমুখ।

এ সময় জেলা-উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও