লক্ষ্মীপুরে মুক্তিপণ না দেয়ায় মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেন স্বজনরা।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার চর-আবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিবের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখা গেছে।

নিহতের বাবা মোস্তফা বলেন, রাজিবই ছিল আমার একমাত্র সম্বল। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও