গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকা ও বাজারের ওপরের ব্রিজটি পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, মাচালং বাজারের ঢালু রাস্তা ও ব্রিজের ওপর দিয়ে বর্তমানে প্রায় চার থেকে পাঁচ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ফলে মাচালং থেকে সাজেকগামী সব ধরনের পর্যটকবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
সড়কে আটকা পড়া পর্যটকদের অনেকেই বাঁশের ভেলা বা নৌকায় করে ডুবে যাওয়া অংশটুকু পার হচ্ছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের অনেকে সাজেকে না গিয়ে ফিরে গেছেন। ইউএনও জানান, সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।