মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা।
আজ সোমবার (৯ মার্চ) শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পূর্ববিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শুরুতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় ও একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ পরিস্থিতিতে ওই এলাকার খান বংশের এক মুক্তিযোদ্ধা তার বৈধ লাইসেন্স করা এক নলা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে একই পরিবারের ১৩ জন সদস্য গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে হারুন খান, মান্নান খান ও মুহসীন খান নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া থানায় দুটি আলাদা মামলাও করা হয়েছে।