রাজধানীতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবেলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গত ৮ সেপ্টেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাহিনীর সার্বিক সংস্কার ও সক্ষমতা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনায় সুবৃহৎ এই স্বেচ্ছাসেবী সাংগঠনিক কাঠামোর ব্যাপক সম্ভাবনা সম্পর্কে উপস্থাপন করেন।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক প্রায় সাড়ে তিন কোটি মানুষের অধ্যুষিত রাজধানী ঢাকায় ভূমিকম্পসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবেলায় ওয়ার্ড/জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত রাখার এ পরিকল্পনা তুলে় ধরেন। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দুর্যোগকালীন সময়ে ফার্স্ট রেসপন্ডার হিসেবে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
প্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবেলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ প্রদানের একটি রূপরেখাও উপস্থাপন করেন মহাপরিচালক।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী এ কর্মপরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। একইসঙ্গে পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। দেশের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি জানান, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
এছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়।
প্রকল্পটির আওতায় খুব শিগগিরই বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটি এলাকায় স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এবং রিভার্স ওসমোসিস (আরও) সিস্টেম স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়।— সংবাদ বিজ্ঞপ্তি