কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ অক্টোবর সকালে পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে। তবে ওই ঘটনায় নিখোঁজ ছিলেন নাসরিন আক্তার মুক্তা।
নাসরিন আক্তার মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে তিনি ওই রিসোর্টে অবস্থান করছিলেন। তার বাবার নাম মোস্তফা কামাল।
অগ্নিকাণ্ডের পর থেকেই মুক্তার সন্ধানে ছিলেন স্বজনেরা। নিহতদের পরিচয় শনাক্ত হলেও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা ছিল। ১০ দিন পর ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।