জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ ইশতেহার ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নির্মিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের পাদদেশের সামনে গতকাল ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সদস্যরা।
‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’—স্লোগানকে সামনে রেখে ইশতেহারে আটটি মূল অঙ্গীকার ঘোষণা করে ছাত্রদল মনোনীত প্যানেল। ইশতেহার শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, নারীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।
ইশতেহাে ঘোষিত আট দফা হলো ১. আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; ২. শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; ৩. পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; ৪. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা; ৫. মানসম্মত স্বাস্থ্যসেবা; ৬. সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা; ৭. ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ৮. পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপিপ্রার্থী মো. শেখ সাদী হাসান ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বলেন, ‘আমরা গুম-খুন, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিষ্পেষণ মোকাবেলা করে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য একটিই; শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা। আমরা ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনের আওতায় এনেছি। সামনে একটা ২০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার করারও পরিকল্পনা রয়েছে শাখা ছাত্রদলের।’