মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রবল বৃষ্টির মাঝে যাত্রীবোঝাই সাকুরা পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা এ পথে যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রী বোঝাই করে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। এ সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বাসটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের সীমানা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
ছবি- বণিক বার্তা
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।