দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলার হিলির বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে রোপা আমন। কয়েকদিন পরই পাকা শুরু করবে। কিন্তু কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় অতিরিক্ত খরায় উপজেলার বোয়ালদাড় ও জালালপুরসহ কিছু মাঠে ধানগাছ নষ্ট হচ্ছে। এ অবস্থায় ধানের আবাদ বাঁচাতে ডিজেল ও পেট্রলচালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা জানান, একে তো সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। এর ওপর জ্বালানি তেলের দাম বাড়ায় ধানের উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।
হিলির বোয়ালদাড় গ্রামের কৃষক শেরেগুল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরেই বৃষ্টি নেই। যার কারণে আমাদের এখানে ধানখেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির অভাবে মাটি ফেটে যাচ্ছে। এতে আমরা দুর্ভোগে পড়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ডিজেল বা পেট্রলচালিত ইঞ্জিন দিয়ে মাঠে সেচ দিতে হচ্ছে। কিন্তু ডিজেল ও পেট্রলের দাম বেড়ে যাওয়ায় আমাদের খুব কষ্ট হচ্ছে। এমনিতেই সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধির ফলে ফসল ফলাতে আমাদের ব্যয় বেশি হচ্ছে। এর মধ্যে তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ আরো বেড়েছে। এখন আমরা চাষ করে লাভবান হতে পারব না।’ তার ভাষ্য, সরকার এ বিষয়ে একটু নজর দিলে, তেলের দামটা কিছুটা কমিয়ে দিলে কৃষকের অনেক উপকার হবে। কৃষকরা ধান চাষাবাদ করে একটু লাভবান হবেন।
জালালপুর গ্রামের কৃষক সিদ্দিক হোসেন বলেন, ‘বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে ধানখেত টিকিয়ে রাখতে হচ্ছে। এতে এমনিতেই ধানের আবাদ করতে খরচ বেশি পড়ে যাচ্ছে। এখন তেলের দাম বেশি হয়ে খুব মুশকিল হয়ে গেছে।’ তিনি জানান, বিঘাপ্রতি আগে খরচ হতো ১৫-১৬ হাজার টাকা, এখন তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। এবার ধান চাষ করে লাভ থাকবে না।
ছাতনি গ্রামের কৃষক নাসির হোসেন বলেন, ‘হঠাৎ করে তেলের দাম বাড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। জমিতে সেচ দিতে সমস্যা হয়ে যাচ্ছে। আগে হয়তো পেট্রল কিনতাম ১৪০ টাকা লিটার, এখন কিনতে হচ্ছে ১৬০ টাকায়। অতিরিক্ত খরচ দিয়ে কীভাবে আবাদ করব, আর খরচ তুলব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘এ উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের আবাদ হয়েছে ৮ হাজার ১১৮ হেক্টর জমিতে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই আছে। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কৃষকদের পরামর্শ ও নির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি, চলতি রোপা আমনের ফলন ভালো হবে।’