শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এদিকে তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ ১৯ জন আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনীজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

বিচারপতিদের শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ২২ বিচারককে হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত মঙ্গলবার নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

শপথ নিয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে গত বছরের ৮ অক্টোবর ২৩ জনকে নিয়োগ দেয়া হয়েছিল। তাদের মধ্যে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারকের ২১ জন গতকাল শপথ নিলেন। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি। সুস্থ হওয়ার পর তার শপথের তারিখ জানানো হবে বলে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

আরও